Top News

6/recent/ticker-posts

বিশ্বকাপের দুঃস্বপ্ন ভুলে যেতে চান রিয়াদ

নিউজ বিডি ডেস্কঃ

 


প্রাথমিক বা বাছাই পর্বে ওমান আর পাপুয়া নিউগিনির সাথে ম্যাচ দুটি ছাড়া স্কটল্যান্ডের কাছেও হারতে হয়েছে। মূলপর্বে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হয়নি।

আর দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ডের বিপক্ষে এতটুকু প্রতিদ্বন্দ্বীতা গড়ে তোলা সম্ভব হয়নি। অসহায় আত্মসমর্পন যাকে বলে, তাই হয়েছে। এবং সবশেষে অস্ট্রেলিয়ার কাছে ৭৩ রানে অলআউট হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করতে হয়েছে।

সব মিলিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর বিশ্বকাপ মিশন ছিল হারের বৃত্তে আটকে থাকা। সেই ব্যর্থতার দগদগে ঘা নিয়েই খেলতে হচ্ছে ফর্ম ও ছন্দে থাকা পাকিস্তানের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমির যুদ্ধে হারের আগে যে দলটি ভারতের মত পরাশক্তিকে উড়িয়ে দিয়েছে। রানার্সআপ নিউজিল্যান্ডও যাদের শৌর্য-বীর্যের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি।

অধিনায়ক বাবর আজম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান, অভিজ্ঞ ও বর্ষীয়ান মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলির উত্তাল উইলোবাজি ছিল দলটির বড় সম্পদ। আর ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিও বল হাতে ছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় হুমকি। সাথে হারিস রউফের টাইট বোলিং আর লেগস্পিনার শাদাব খানের ঘূর্ণি বোলিংয়ের মিশেলে এবারের বিশ্বকাপে পাকিস্তান হয়ে ওঠে দুরন্ত-দুর্বার।

সেমিফাইনালের শেষ দু’তিনটি ওভার ছাড়া সব খেলায় পাকিস্তান প্রতিপক্ষ দলের ওপর প্রাধান্য বিস্তার করেছে। কর্তৃত্ব ফলিয়েছে। হোক তা দেশের মাটিতে, তারপরও টি-টোয়েন্টি ফরম্যাটে সময়ের অন্যতম সেরা ও ছন্দে থাকা পাকিস্তানের সামনে একদম ছন্নছাড়া, জীর্ণ-শীর্ণ বাংলাদেশ।

কি হবে? অতিবড় ভক্তেরও বুক কাঁপছে। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কী ভাবছেন? বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের দুঃস্বপ্ন নিয়ে আর ভাবতে চান না। তার কথা বলারও ইচ্ছে নেই।

তার অনুভব, সে সব নিয়ে ভেবে আর লাভ কী? তাতে মানসিক অস্বস্তিই দেখা দেবে শুধু। খারাপ খেলার¯স্মৃতি সামনে টেনে আনার বদলে তাই রিয়াদ ভাবছেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। তার ধ্যান-জ্ঞান এখন ১৯, ২০ ও ২২ নভেম্বরের ম্যাচ।

রিয়াদের কথা, বিশ্বকাপে যে জিনিসগুলো হয়ে গেছে, তা নিয়ে চিন্তা করলে বরং নেগেটিভ ইফেক্ট আসতে পারে। আমরা পজিটিভ ভাবে চিন্তা করছি সবকিছু। রিয়াদ যোগ করেন, ‘বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাচ্ছি না। রিয়েলি ফোকাসিং এই টি-টোয়েন্টি ম্যাচ। এই তিনটা ম্যাচ আমরা দলের জন্য কতটুকু ভাল অবদান রাখতে পারি ইনডিভিজুয়ালি। ওটাই মুখ্য বিষয় এবং ওটায় ফোকাস রাখছি৷’

সিরিজ সম্পর্কে তার ধারনা কী? জানতে চাই বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি বলব অবশ্যই সিরিজটা চ্যালেঞ্জিং হবে৷ পাকিস্তান ওয়ান অব দ্য বেস্ট টিম এ মুহূর্তে, আমাদের অনেকগুলো ছেলে নতুন সুযোগ পেয়েছে তো এটা আমাদের জন্য খুব কঠিন এক মিশন।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ