NB Desk:
শ্রীলংকা থেকে সরে যেতে পারে এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। অর্থনৈতিক সংকটের কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইতিমধ্যেই স্থগিত হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার এইচপি দলের খেলা।
তবে আইসিসির ত্রৈমাসিক সভায় এশিয়া কাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী। তবে শেষ পর্যন্ত যদি শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারে তাহলে আয়োজক হতে আগ্রহী বাংলাদেশ। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,
‘এখন পর্যন্ত শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এটা আয়োজনের দায়িত্বে আছে। তারা এটা আয়োজন করবে। আয়োজন না হওয়ার বিষয়গুলো যদি কখনও আলোচনা হয় সেটা নির্দিষ্ট জায়গায় হয়। এগুলো এসিসির কমিটিতে আলোচনা হবে। সেই বিষয়গুলো এখনও আসেনি। আমরা এ ধরনের কোনো বিষয়ে অবগত নই।”
বাংলাদেশ এর আগে সফলভাবে এশিয়া কাপ আয়োজন করেছে। ২০১২, ২০১৪ এবং ২০১৬ সালে টানা তিনবার এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে। শ্রীলঙ্কা আয়োজন করতে না চাইলে বাংলাদেশ পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিবি।
“আগে শ্রীলঙ্কা না করুক, তারপর আমরা বলব। এখনই মন্তব্য করা ঠিক হবে না। যেহেতু এশিয়া কাপের আরও সময় আছে। শ্রীলঙ্কা যেহেতু আয়োজক, শ্রীলঙ্কার বোর্ডই এ বিষয়টা ভালো বলতে পারবে এবং সিদ্ধান্ত দিতে পারবে।”

0 মন্তব্যসমূহ