Top News

6/recent/ticker-posts

মাশরাফিকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেটশিকারী এখন সাকিব

নিউজ বিডি ডেস্কঃ

অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট ছাড়ার পরেও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় ছিলেন সাকিব আল হাসান। ম্যাশকে ছাড়িয়ে যেতে আর একটি উইকেট প্রয়োজন ছিল সাকিবের। আজ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্রেন্ডন টেইলরকে ফিরিয়ে সাকিব ছাড়িয়ে গেলেন ম্যাশকে। এখন তিনি তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী।

ওয়ানডেতে ২১৮ ম্যাচের ২১০ ইনিংসে মাশরাফির উইকেটসংখ্যা ছিল ২৬৯টি। ক্যারিয়ারে মাশরাফি সব মিলিয়ে ২৭০টি উইকেট পেলেও এর মধ্যে একটি উইকেট তিনি পেয়েছিলেন এশিয়া একাদশের হয়ে। ম্যাশকে ছাড়িয়ে যেতে ৫ ম্যাচ কম লেগেছে সাকিবের। তৃতীয় স্থানে থাকা সাবেক স্পিনার এবং জাতীয় দলের বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাকের শিকার সংখ্যা ১৫২ ইনিংসে ২০৭টি। এছাড়া রুবেল হোসেন (১২৯), মুস্তাফিজুর রহমান (১২৪) ও মোহাম্মদ রফিক (১১৯) তিন অংকের শিকার ধরেছেন।

আজ জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের শিকার ৫ উইকেট। এই নিয়ে ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৫ উইকেট পেলেন সাকিব। এই ফরম্যাটে তার মোট উইকেটসংখ্যা এখন ২৭৪টি। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগে থেকেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডও সাকিবের দখলে। সাদা পোশাকে সাকিবের শিকার ২১৫ এবং ক্রিকেটের ছোট ফরম্যাটে তিনি ৯২ উইকেট নিয়েছেন। টেস্টে সাকিবের প্রতিদ্বন্দ্বী তাইজুল ইসলাম (১৩৪ উইকেট) আর টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান (৫৮ উইকেট)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ